ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ৩০ ১৪৩৩

এবার রাজধানী থেকে ৪ টুকরো মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

রাজধানীর আদাবর এলাকা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধারের পর  হাক্কারপাড় খাল থেকে খণ্ডিত পা দু’টি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) আদাবরের একই খাল থেকে অজ্ঞাত এ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করা হয়। এরপর কাটা পায়ের সন্ধানে অভিযানে নামার প্রায় ১৮ ঘণ্টার মাথায় রোববার খালে ভাসমান অবস্থায় কাটা পা দু’টি উদ্ধার করে পুলিশ।

তবে রোববার পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত ওই নারীর আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মিলিয়ে দেখা হয়। তবে তার এনআইডি না থাকায় আঙুলের ছাপের সঙ্গে মেলানোর মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

খণ্ডিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, রোববার আদাবরের ওই খাল থেকে ভেসে আসা দু’টি পা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মোহাম্মদপুরের দিক থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো ভেসে এসেছে। উদ্ধারকৃত মরদেহের খণ্ডিত অংশগুলো শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এমএইচ