ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বিএনপির ফরম বিতরণ কাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।
ফরম পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে জমা দিতে হবে বলে আজ রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই আগামী ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দের তারিখ ৮ অক্টোবর।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়।
এএইচ
