আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন চার স্বতন্ত্র পরিচালক।
রোববার (১৩ সেপ্টেম্বর) তারা পদত্যাগ করেছেন।
আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন—মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।
তাঁদের কেউ ছিলেন সাবেক ব্যাংকার, হিসাববিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কয়েকজন স্বতন্ত্র পরিচালককে। স্বতন্ত্র পরিচালকদের সময়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে ব্যাংকটিতে নিরীক্ষা করা হয়। এতে বিভিন্ন অনিয়ম উঠে আসে।
আওয়ামী লীগ সরকারের সময় এস আলম ও কেডিএস গ্রুপ ব্যাংকটি পরিচালনায় যুক্ত ছিল। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ব্যাংকটির পরিচালনায় কেডিএস গ্রুপের ক্ষমতা বাড়ে। এখন স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেওয়ায় ব্যাংকটি পরিচালনায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে কেডিএস গ্রুপের।
পদত্যাগ করা একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর পরই তাঁরা পদত্যাগ করেন।
গত জুলাইয়ে ব্যাংকটির পুরনো ১৪ জন শেয়ারধারীকে ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
উল্লেখ্য, এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ দুটির মালিকপক্ষ চট্টগ্রামের পটিয়ার।
এএইচ
