চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৯:৪৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম গোল্ডেন ব্রিজ ইন্টারন্যাশনাল ইউরোলজি কনফারেন্সে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। সম্মেলনে তাঁর গবেষণাধর্মী উপস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে।
গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর লিজিয়াং শহরের গার্ডেন ভিলা, গুয়ানফাং হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। চীনের দ্য সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ফিলিপাইন, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্মেলনে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। কিডনির জটিল ও বড় আকারের পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক মিনিমালি ইনভেসিভ চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা ও চিকিৎসার ফলাফল নিয়ে তিনি আলোচনা করেন। বাংলাদেশের মতো দেশে এ পদ্ধতি প্রয়োগের সম্ভাবনার বিষয়টিও তাঁর উপস্থাপনায় উঠে আসে।
সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং ডা. খন্দকার মাহবুব হোসেন।
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান ও অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সম্মেলনে নিজেদের গবেষণা ও প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।
আয়োজকেরা বাংলাদেশের ইউরোলজি চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসা ও গবেষণাক্ষেত্রে দেশের সক্ষমতার প্রশংসা করেন। বিশেষ করে মিনিমালি ইনভেসিভ এবং ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারিতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সম্মেলনে ইতিবাচক আলোচনা হয়।
সম্মেলনে ইউরোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা ও গবেষণা উপস্থাপনার পাশাপাশি লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনকো-ইউরোলজি, ইউরোলিথিয়াসিস, ফিমেল ইউরোলজি এবং ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারি ছিল আলোচনার উল্লেখযোগ্য বিষয়।
বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন ইউরোলজি চিকিৎসার সর্বশেষ প্রযুক্তি, গবেষণা ও চিকিৎসাপদ্ধতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
এদিকে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করেছে। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, বিশেষজ্ঞ বিনিময় এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও সম্মেলনে আলোচনা হয়।
এমএইচ
