কৃষক পর্যায়ে সারের দাম অপরিবর্তিত, ডিলারদের প্রণোদনা বৃদ্ধি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
কৃষকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ না বাড়িয়ে সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের প্রণোদনা বাড়িয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত রেখে ডিলার পর্যায়ে কমিশন কেজি প্রতি ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাজেট অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন।
কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রেখে ডিলার পর্যায়ে বিতরণ কার্যক্রমে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষক পর্যায়ে সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রেখে ডিলার পর্যায়ে কমিশন কেজি প্রতি ৩ টাকা হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য আগের মতোই ২৭ টাকা থাকবে।
ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করা হলেও কৃষক পর্যায়ের দাম ২১ টাকা অপরিবর্তিত থাকবে।
একইভাবে টিএসপি সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। এ সারের কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য ২৭ টাকা অপরিবর্তিত রয়েছে।
এমওপি সারের ডিলার পর্যায়ের দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে এবং কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য আগের মতো ২০ টাকা রাখা হয়েছে।
ফলে চার ধরনের সারের ক্ষেত্রেই ডিলার পর্যায়ে প্রতি কেজিতে সরকারের নির্ধারিত মূল্য ১ টাকা করে কমেছে। কিন্তু কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকায় ডিলার পর্যায়ে প্রতি কেজি সারে কমিশনের পরিমাণ ৩ টাকা নির্ধারিত হয়েছে।
সরকারের নতুন এ সিদ্ধান্তে কৃষকদের সারের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। বিদ্যমান মূল্যেই তারা ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কিনতে পারবেন।
কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা ও সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা খাদ্য উৎপাদন ও কৃষির সামগ্রিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
এ বিবেচনায় কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত রেখে ডিলারদের কমিশন পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
এএইচ
