ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ৩১ ১৪৩৩

হামলার নিন্দা সৌদি মন্ত্রিসভার, আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সৌদি আরবের বেসামরিক নাগরিক ও স্থাপনায় ইয়েমেনের হুথি মিলিশিয়ার অব্যাহত ও ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি মন্ত্রিসভা।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, বেসামরিক জনগণ ও স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। 

একই সঙ্গে সৌদি আরব তার সার্বভৌমত্ব, নাগরিক, বাসিন্দা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন এলাকায় বেসামরিক লোকজন আহত হওয়ার পর মন্ত্রিসভার পক্ষ থেকে এ অবস্থান জানানো হলো। 

সৌদি সরকারের বার্তা—দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের তিন শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত ছাড়াও সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএইচ