প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি ও ৬০ পৌরসভায় অর্থ বরাদ্দ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ১২:৪৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া ৬০ পৌরসভায় প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ সিটি কর্পোরেশনের অনুকূলে আবর্তক অনুদান খাতে মোট ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।
বরাদ্দের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।
এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ২ কোটি ২৮ লাখ টাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ কোটি, বগুড়া সিটি কর্পোরেশন ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি কর্পোরেশন ১ কোটি ২ লাখ টাকা পেয়েছে।
অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি কর্পোরেশন ৩২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
আদেশ অনুযায়ী, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও অফিসের সঙ্গে সংগতি সাধন করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে।
এছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, দেশের ৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।
বরাদ্দের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের পৌরসভা রয়েছে। এর মধ্যে- কিশোরগঞ্জ, জামালপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নেত্রকোণা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পাবনা, আড়াইহাজার, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নরসিংদী, গাজীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, শেরপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নাটোর, নওগাঁ, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, কুমিল্লা, ঝালকাঠি, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ বিভিন্ন পৌরসভা রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তাকে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার ও হিসাব সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এএইচ
