ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: মালামালসহ গ্রেপ্তার ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মালামাল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৩০ আগস্ট এ ঘটনায় শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এএইচ
