সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০২:২৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বুধবার হুতিরা জানায়, স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধবিমানটিকে ভূপাতিত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘আল্লাহর সাহায্য ও অনুগ্রহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’
তার দাবি, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানটি সামরিক তৎপরতার সমর্থনে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়।
সারি বলেন, বিমানটিকে স্থানীয়ভাবে তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সৌদি আরব হুতিদের বিরুদ্ধে ৪৫০টি বিমান হামলা চালিয়েছে।
চলতি সপ্তাহে হুথিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে— সৌদি আরবের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ওই হুথি মুখপাত্র।
তিনি বলেন, ‘আমাদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এসব স্থাপনা পবিত্র স্থানগুলো (মক্কা ও মদিনা) থেকে অনেক দূরে।’
ইয়েমেনে জুলাইয়ে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে হুথিদের আবারও সংঘর্ষ চলছে।
এর পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করেছে হুথিরা। লোহিত সাগরে সৌদি আরবের জাহাজগুলোতেও তারা হামলা চালাচ্ছে।
গত সপ্তাহে আকস্মিক এক অভিযানে হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এবং বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বাব আল-মান্দাব প্রণালিটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এএইচ
