আরব সাগরে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘর্ষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিয়মিত নজরদারি মিশন চলাকালীন এই ঘটনা ঘটে। ভারতের দাবি, পাকিস্তানি জাহাজটি অত্যন্ত উচ্চ গতিতে এসে অপেশাদার এবং অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে তলব করে ভারত। আরব সাগরে পাকিস্তানি নৌযানের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ করে তার কাছে কড়া প্রতিবাদ জানানো হয়।
বিষয়টি সম্পর্কে কর্মকর্তারা জানান, উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের খুব কাছে উচ্চগতিতে চলে আসে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজ। এরপর পাকিস্তানি জাহাজটি অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করলে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটেছে এবং এতে ‘বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি। তবে পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালের এপ্রিলের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন করেছে। সামরিক মহড়া, সামরিক গতিবিধি ও সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য জানানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে ওই চুক্তি করা হয়েছিল।
পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ভারতের বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, সেজন্য সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে এবং দুই দেশের মধ্যে থাকা সংশ্লিষ্ট চুক্তিগুলোর বিধান মেনে চলতে হবে।
একই ধরনের প্রতিবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দেয়া হয়েছে।
বেশ কয়েকটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের কাছে চলে আসে পাকিস্তানি নৌবাহিনীর একটি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি যুদ্ধজাহাজটি ভারতীয় জাহাজটির পাশ দিয়ে খুব কাছ দিয়ে দ্রুতগতিতে চলে যায়।
সূত্রগুলো জানায়, পাকিস্তানি জাহাজটি উচ্চগতিতে এসে অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করছিল। একপর্যায়ে সেটির সঙ্গে ভারতীয় জাহাজটির সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রগুলো।
ঘটনায় জড়িত দুই নৌযানের ধরন এখনো শনাক্ত করা হয়নি। সংঘর্ষের পর উভয় জাহাজকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয় বলে সূত্রগুলো জানিয়েছে।
অবশ্য এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালের জুনেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ বাবর এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ গোদাবরী একই ধরনের সংঘর্ষের ঘটনায় জড়িয়েছিল।
এমএইচ
