রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, অধিকমাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে। কৃষকদের এই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সজাগ ও সতর্ক করতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। টেকসই ও পরিবেশবান্ধব কৃষির ওপর জোরসাক্ষাৎকালে দেশের কৃষিখাতকে আরও আধুনিক ও টেকসই করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, গবেষণাগারের আধুনিক প্রযুক্তিগুলোকে মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে, যাতে সাধারণ কৃষকেরা এর সুফল পেতে পারেন। একই সঙ্গে দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চা বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন। দেশের সামগ্রিক কৃষি ব্যবস্থার উন্নয়নে কৃষি শিক্ষা, উন্নত গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় ও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
আজ দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। রাষ্ট্রপতি প্রতিনিধিদলের কথা শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এমএইচ
