ঢাকা, শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ২ ১৪৩৩

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এই আলোচনা হয়। 

সাক্ষাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের এভিয়েশন হাব হিসেবে গড়ে ওঠার অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে। একই সঙ্গে আগামী বছর ঢাকা–নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্বমানের লিগ্যাসি এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিমানমন্ত্রী। 

তিনি বলেন, এর অংশ হিসেবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তবে বোয়িং কোম্পানির তৈরি এই উড়োজাহাজগুলোর ডেলিভারি দ্রুত হওয়া অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন মন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার বেসামরিক বিমান পরিবহন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি ‘এভিয়েশন মাস্টার প্ল্যান’ প্রণয়নের কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করা হয়েছে এবং বগুড়ায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ‘এফএএ ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (IASA) ক্যাটাগরি-১’ মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের যাতায়াতের সুবিধা বিবেচনায় আগামী বছর ঢাকা-নিউইয়র্ক (JFK) রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

পর্যটনে আন্তর্জাতিক ও বেসরকারি বিনিয়োগদেশের পর্যটন খাত নিয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার এই খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছে।

সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বেশ আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের পর্যটন খাতের প্রচারে তিনি নিজ উদ্যোগে দেশের বিভিন্ন পর্যটন স্পট সফর করবেন বলেও জানান।

এমএইচ