ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ২ ১৪৩৩

মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নাই: চিফ প্রসিকিউটর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এস এম মাকসুদ কামাল নজরদারিতে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাকসুদ কামালকে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন কোনো আসামিকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় না।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরে অলরেডি ফরমাল চার্জ দেওয়া হয়েছে। ফরমাল চার্জ দেওয়ার প্রেক্ষিতে যদি কোনো আসামি পলাতক থাকে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

মাকসুদ কামালের বিষয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। যেহেতু মাকসুদ কামাল ভিসি অত্যন্ত বিতর্কিত ব্যক্তি, তিনি আমাদের নজরদারিতে আছেন।

"আমি বিশ্বাস করি, তিনি বাংলাদেশে থাকলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তার পক্ষে নাই।"

এর আগে গতকাল ১৬ সেপ্টেম্বর একই মামলায় মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগটি জমা দেওয়া হয়। তবে আনুষ্ঠানিক অভিযোগে থাকা অন্য ব্যক্তিদের নাম-পরিচয় তখন প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া আভাস অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং সাবেক এক বিচারপতিও থাকতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী আহত হন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

এএইচ