নেত্রকোনার সেই এনসিপি নেত্রীকে দল থেকে অব্যাহতি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া সেই এনসিপি নেত্রীকে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বুধবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনা স্বাক্ষরিত পত্রে এ নোটিশ দেয়া হয়।
এনসিপি নেত্রী সৈয়দা সাদিয়া আক্তার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়াসহ তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে নেত্রকোনা জেলার আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হল।
একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুয়ায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবেনা তা প্রয়োজনীয় তথ্য- প্রমাণ ও ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিতভাবে দাখিল করতে বলা হয়েছে।
এর আগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার সাদিয়া আক্তার জামিনে মুক্ত হওয়ার কথা জানিয়েছেন জেলা কমিটির সদস্য সচিব।
এএইচ
