কুষ্টিয়ায় বজ্রপাতে ২জনের মৃত্যু, আহত ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে এবং উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) ও সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (নুশু)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় বজ্রপাতে আরোজ আলী গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত আরোজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে রওশন আলীসহ চারজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমএইচ
