ঢাকা, শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৩ ১৪৩৩

এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাতে প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। পরে টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল ছোড়া হয় বলে জানা যায়।

ওই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগারগাঁও ও মহাখালীর সর্বশেষ ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এমএইচ