ঢাকা, শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৪ ১৪৩৩

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে কমিটি গঠন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে আত্তীকরণ ও নিয়মিতকরণের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। 

উপসচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত আদেশে কমিটিকে সংশ্লিষ্ট আইন, বিধিমালা, সাংগঠনিক কাঠামো, আদালতের আদেশ ও আইনগত মতামত পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উন্নয়ন অধিশাখা ও আইন অধিশাখার যুগ্মসচিব বা উপসচিবকে সদস্য করা হয়েছে।

কমিটির অপর সদস্য হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলী অথবা তার মনোনীত একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯, এলজিইডির সাংগঠনিক কাঠামো, সংশ্লিষ্ট মামলার আদেশ এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রদত্ত মতামত যথাযথভাবে পরিপালন করতে হবে।

এসব বিষয় পর্যালোচনা করে এলজিইডির রাজস্ব খাতে বিভিন্ন ক্যাটাগরির পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণ ও নিয়মিতকরণের বিষয়ে সুপারিশ করবে কমিটি।

জনস্বার্থে জারি করা এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এএইচ