ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৫ ১৪৩৩

খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় ডিজি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার ভাড়া বাসা থেকে সে রাগ করে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। 
এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।

স্বজনরা জানান, নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার জয়রামপুর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করেন। 

নাঈমের চাচা ‎গোলাম হুসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ৬ বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এতে তার মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ‎‎নাঈমকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এসময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ‎‎

এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া এসআরবি (র‌্যাব) ও ডিবি পুলিশের কাছে উদ্ধারের জন্য আবেদন করা হয়েছে।

এসআরবির কাছে করা আবেদন সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে আছে। এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানানো হয়। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে অজ্ঞাত ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

খিলক্ষেত থানার ওসি মো. সোহরাব আল হোসাইন বলেন, থানায় ডিজি হয়েছে। আমরা শিশুটিকে খোঁজে পাওয়ার জন্য কাজ করছি।

এএইচ