জবিতে আবারও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
এ ঘটনায় আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমনের নাম জানা গেছে। তবে আহতের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে এসেছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত আছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়তো আঘাত লেগেছে।
এমএইচ
