বর্জ্যের ভাগাড়ে টাকার বস্তা, আসল ভেবে হরিলুট
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
বগুড়ায় সিটি কর্পোরেশনের বর্জ্যের ভাগাড়ে বিপুল পরিমাণ টাকা পড়ে থাকার খবর পেয়ে স্থানীয় জনগণ সেগুলো কুড়িয়ে নিয়ে যায়। তবে পরে সেগুলো জাল প্রমাণিত হলে অনেকেই আবার ফেলে যায়।
রোববার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন গোদারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পড়ে থাকা জাল টাকা সংগ্রহ করে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, টাকাগুলো আসল নয়। টাকার নোটগুলোতে ‘অনলি ফর শুটিং’ লেখা ছিল। জাল টাকাগুলো কিভাবে সেখানে কারা ফেলে গেল তার সঙ্গে সম্পৃক্তদের সনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে গোদারপাড়া এলাকায় বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে অনেকে ভিড় করেন। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে নিয়ে বাড়িতে চলে যান।
পরে জানা যায়, বস্তায় থাকা টাকাগুলো জাল। এর মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। টাকার পেছনে ছোট করে 'অনলি ফর শুটিং' লেখা ছিল।
জাল টাকার নোট ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে স্থানীয়রা কেউ কোন কথা বলতে রাজি হননি। কথা বলে জানা গেছে, জাল টাকা হেফাজতে থাকলে আইন অনুযায়ী শস্তি পেতে হবে এ কারণে তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জাল টাকার উৎস এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। টাকার পেছনে ছোট করে 'অনলি ফর শুটিং' লেখা আছে।
তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এএইচ
