মরিয়মের সঙ্গে এমপির সম্পর্কের পেছনে শ্যালক ওবায়দুর, অভিযোগ বাবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সম্পর্কের পেছনে তাঁর শ্যালক ওবায়দুর রহমানের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন। এ সময় মরিয়মের মরদেহ নেওয়ার জন্য হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
মাসুম বিল্লাহ অভিযোগ করেন, তাঁর শ্যালক ওবায়দুরই মরিয়মকে ওই সম্পর্কে জড়ানোর পথে নিয়ে গিয়েছিলেন। টাকার প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে সম্পর্কে জড়ানো এবং পরে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগও করেন তিনি।
মরিয়মের বাবার ভাষ্য, মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। মেয়ের কাছ থেকে কোনো বিষয় নিয়ে অভিযোগও পাননি বলে জানান তিনি।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশ মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিও উদ্ধার করেছে।
প্রসঙ্গত, গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
এমএইচ
