রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
স্থানীয়দের অভিযোগ, বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গী এলাকায় নির্মাণাধীন ব্রিজটির কাজ দিনের পরিবর্তে রাতের আঁধারে করা হচ্ছিল। এতে সন্দেহ তৈরি হলে স্থানীয় কয়েকজন নির্মাণকাজের ওপর নজর রাখেন। একপর্যায়ে রাতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার দৃশ্য তাঁদের নজরে আসে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস হয়ে মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজটি পুনর্নির্মাণ করা হচ্ছে। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পেয়েছে মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে ব্রিজটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর বলেন, সরকারি অর্থে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ একটি ব্রিজে বাঁশ ব্যবহারের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ ঘটনার পেছনে কারও গাফিলতি বা অনিয়ম রয়েছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা আজিজ মিয়ার ভাষ্য, দিনের পরিবর্তে রাতে ব্রিজটির কাজ করা হচ্ছিল। স্থানীয় তরুণেরা রাতে গিয়ে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার দৃশ্য দেখতে পান বলে তিনি জানান।
তবে অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, কিছু অংশে শাটার খুলে বের করার সুযোগ না থাকায় বাঁশ দিয়ে কাঠামো তৈরি করে তার ওপর সিমেন্টের বস্তা ব্যবহার করে ঢালাই দেওয়া হয়েছে।
বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি তাঁরা দেখতে পেয়েছেন। তবে প্রকল্পটি জেলা প্রকৌশল দপ্তরের অধীন হওয়ায় বিষয়টি জেলা প্রকৌশলীকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
বাসাইলের ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, সরেজমিন পরিদর্শনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
