ঢাকা, বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ৯ ১৪৩৩

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নৌযান পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয় বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে লঞ্চ মালিকরা ভাড়া প্রায় ১৫ শতাংশ বাড়ানোর দাবি করেছিলেন। তবে যাত্রীদের ওপর চাপ কমাতে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তে লঞ্চের সর্বনিম্ন ভাড়াও বাড়ছে। এতদিন সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। এখন তা নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারেরও প্রত্যাশিত বিষয় নয়। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতে এর প্রভাব পড়েছে। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে ভাড়া বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা স্বেচ্ছাচারিতা বরদাশত করা হবে না।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন মালিকরা। সেখানে প্রথম ১০০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। এরপরের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার দাবিও জানানো হয়েছিল। তাদের দাবি ছিল, প্রস্তাব অনুযায়ী ভাড়া না বাড়ালে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার করতে হবে।

লঞ্চের পর গতকাল মঙ্গলবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়। সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে দূরপাল্লার পাশাপাশি রাজধানী ও বিভিন্ন শহরের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি হিসাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা।

দূরপাল্লার ৫২ আসনের বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে আনা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যাত্রীদের দিতে হয়। নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির ফলে বাসের নতুন ভাড়া নির্ধারণের প্রক্রিয়াও শুরু হবে।

এমএইচ