‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তার মা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদা বেগম বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করার সময় তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। ওই ঘটনার জেরে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে এবং এখন তাকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা তিনি মেনে নেবেন না।
তিনি বলেন, আমার কোনো অপরাধ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে সেই শাস্তি আমি নেব। কিন্তু আমার ছেলে কেন এর শাস্তি পাবে? তাকে কেন হত্যা করা হলো?
নিহত অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তার মা। তার ভাষ্য, বিভিন্ন ফেসবুক আইডি থেকে এমনভাবে প্রচার চালানো হচ্ছে, যেন অপ্রতিমও ওই চক্রের সঙ্গে যুক্ত ছিল।
নাহিদা বেগম বলেন, আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদের একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট একটি শিশু। এসব বিষয় সম্পর্কে তার কিছুই বোঝার কথা নয়।
তিনি আরও বলেন, শুধু নিজের ছেলের হত্যার বিচারই তার দাবি নয়। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা ভবিষ্যতে মুক্ত হয়ে গেলে অন্য শিশুদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
অপ্রতিমের মা বলেন, আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা যদি জেল থেকে বের হয়ে আবারও অন্য কোনো শিশুর জীবন নষ্ট করে, সেটাও আমি চাই না। তাই আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
এমএইচ
