নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সিভিল জজ নিয়োগের এ পরীক্ষায় সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার কোনো ঘাটতি থাকলে অথবা আবেদনপত্রে কোনো অসঙ্গতি বা গরমিল পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে নির্ধারণ করা হবে। এ বিষয়ে যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে কিংবা প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে অথবা যুক্তিসংগত কারণে প্রয়োজন মনে হলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণ করতে পারবে।
এমএইচ
