বোনারপাড়ায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও স্বাস্থ্যসেবা ক্যাম্প ২ ও ৩ অক্টোবর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
গাইবান্ধার সাঘাটায় আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কল্যাণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও চোখের ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২ ও ৩ অক্টোবর উপজেলার বোনারপাড়ার ১ নম্বর রেলগেট সংলগ্ন সবুজ বাংলা জেনারেল হাসপাতালে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকার উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করছে ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টার ও সবুজ বাংলা জেনারেল হাসপাতাল।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। এর পাশাপাশি চোখের ছানি অপারেশনের জন্য রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ বিষয়ে উদ্যোগের অন্যতম আয়োজক ডা. এটিএম রাশেদুন নবী বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক পর্যায়ের চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পে স্থানীয় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের উপস্থিত হয়ে এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
