পুলিশে যুক্ত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে আগামী সপ্তাহেই একটি আলাদা 'সাইবার সিকিউরিটি ইউনিট' গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটের শাখা ঢাকা ও অন্য মেট্রোপলিটন এলাকা ছাড়াও বিভাগ এবং জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এই ইউনিটের নেতৃত্ব দিতে পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত আইজিপি) পদ তৈরি করা হবে।
তিনি বলেন, থানা ও জেলা পর্যায় পর্যন্ত এই ইউনিটকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হবে। পাশাপাশি বড় আকারের ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় কারিগরি সাপোর্ট থাকবে পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে। ইতোমধ্যে কয়েক সপ্তাহ আগে এই প্রকল্পের রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
জটিল সাইবার অপরাধের মামলাগুলো কেন্দ্রীয়ভাবে এবং প্রাথমিক স্তরের অপরাধগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ ও তদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাইবার অপরাধের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশে বড় ধরনের জনবল নিয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা প্রয়োজনে ব্যাপক হারে সব ফোর্সের মাধ্যমে অফিসার এবং বিভিন্ন পদবিতে নিয়োগ দেব। এই বার্তাটি আপনারা ভালো করে বুঝে নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনী অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। প্রযুক্তির আধুনিকায়নের চেয়েও মানুষের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত। জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে পারে না। তাই পুলিশকে আচরণে মানবিক এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ হতে হবে।
তিনি আরও বলেন, দুই-তৃতীয়াংশ মেজরিটি, ব্যাপক জনপ্রত্যাশা ও সুদৃঢ় গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গঠিত বর্তমান সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী। সরকার বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ এবং সার্বিক কল্যাণের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এমএইচ
