ঢাকা, সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ১৩ ১৪৩৩

ভিসি পুনর্বহালের দাবিতে টানা সাত দিন ধরে অচল চুয়েট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা সাত দিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অচলাবস্থা বিরাজ করছে। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)ও চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি।

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে এ আন্দোলন চলছে। 

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আকাত্মতা প্রকাশ করেছেন চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনসহ একাধিক সংগঠন। তাদের সবার দাবি, আবু সাদাত সায়েমকে পুনর্বহাল।

এরই মধ্যে আন্দোলন গড়িয়েছে সপ্তম দিনে। দাবি আদায়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে চলেছে কমপ্লিট শাটডাউন। পাশাপাশি বেলা ১১টা থেকে চুয়েট শিক্ষক সমিতি উপাচার্য ভবনের সামনে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। 

একই দিন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। তারা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘প্রশ্নযাত্রা’। কর্মসূচিতে ৫৬ দিনের মধ্যেই কেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়েছে, তা জানতে চেয়েছেন তারা।

এদিন বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর ঘুরে আবার শহীদ মিনারে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। 

এ অবস্থায় ষষ্ঠ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা হয়নি।

এএইচ