আদালতের প্রদীপ তলে অন্ধকারের থাবা, দায়িত্বে থাকা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাদক ধ্বংস ও আলামত নিষ্পত্তি শাখার এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। যিনি সিএমএম আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা একজন কনস্টেবল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃত আসামি মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল। রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ ১৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন শাখা।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গত ২৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘর নামে এক দোকানের ভেতর অভিযান চালায়। সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামিকে আটক করা হয়। পরে আটক রেজাউল করিমের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের মোট ১,৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা।
এমএইচ
