ঢাকা, সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ১৩ ১৪৩৩

ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উন্নত মানের খাবার ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ফিরোজা বারি প্রতিবন্ধী শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন শিশুদের জন্য এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। 

সংগঠনটির পাঁচ বিভাগীয় কর্মসূচির অন্যতম সমাজসেবা বিভাগের অধীনে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দীর্ঘ ৫২ বছর ধরে সারাদেশে শিশুদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ করে, অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খাবার ও উপহার বিতরণের এই উদ্যোগের জন্য তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য প্রদানকালে বক্তারা দেশের সাম্প্রতিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই বিষয়ে সমাজের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

সেই সাথে শিশুদের ভেতরের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার দায়িত্ব পালনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি তাগিদ দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, প্রাক্তন প্রধান পরিচালক মোহাম্মদ মুহিব্বুল্লাহ, জাকারিয়া হাবিব পাইলট, এস এম মিজানুর রহমান, আহসান হাবিব, এম এ কে শাহীন চৌধুরী, অলী ইব্রাহিম, প্রাক্তন সহকারী প্রধান পরিচালক নাসির আহমেদ ফয়সাল এবং সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলামসহ শিশুকল্যাণ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

উল্লেখ্য, একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা—এই পাঁচটি মূল আদর্শের ওপর ভিত্তি করে ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ফুলকুঁড়ি আসর। দীর্ঘ ৫২ বছর ধরে সংগঠনটি শিশুকিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে দেশপ্রেমে উজ্জীবিত একটি তরুণ প্রজন্ম তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমএইচ