ঢাকা, মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬,   আশ্বিন ১৪ ১৪৩৩

বাড়ছে দুর্গাপূজায় সরকারি ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার আরও একদিন যুক্ত হয়ে মোট ৫ দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান এই ছুটির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর  নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবং পরবর্তী দুদিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে ২৪ অক্টোবর শনিবার।

চলতি বছরের পূজার সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব নিয়মে চালু থাকবে।

এমএইচ