হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ১১০০
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩ জন মারা গেছেন।
হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (৫১৬ জন)। এছাড়া চট্টগ্রামে ২৭৯ জন, সিলেটে ২০৬ জন, বরিশালে ১০৭ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুর বিভাগে ২৭ জন নতুন রোগী হাসপাতালে এসেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে ২১ হাজার ৩৯২ জনের শরীরে।
এমএইচ
