ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৫ ১৪৩৩

আদালতে হাজির হননি পরীমনি, জামিন বাতিল চাইল রাষ্ট্রপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

আদালতে সশরীরে অনুপস্থিত থাকায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির জামিন বাতিল চেয়ে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত মাদক মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) আদালতে এই আদেশ দেওয়া হয়। 

এদিন শুনানিতে পরীমনির আইনজীবী আদালতে একটি সময়ের আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, সম্প্রতি পায়ে আঘাত পেয়ে পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ও ব্যথা তীব্র হওয়ায় তার পক্ষে আজ আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।

এর বিপরীতে তীব্র আপত্তি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন। তিনি আদালতে যুক্তি দেন, মামলাটি এখন গুরুত্বপূর্ণ অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। কিন্তু পরীমনি দীর্ঘদিন ধরে সশরীরে হাজির না হয়ে বারবার সময় নিচ্ছেন, যা কোনোভাবেই আইনত গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিন বাতিলের পাশাপাশি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন নাকচ করে সরাসরি অভিযোগ গঠনের জোর দাবি জানানো হয়।

 আদালত উভয় পক্ষের বক্তব্য ও যুক্তি পর্যালোচনা শেষে পরীমনির সময়ের আবেদনটি মঞ্জুর করেন এবং শুনানির পরবর্তী এই নতুন তারিখ নির্ধারণ করেন।