ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৫ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উচ্চারণ নিয়ে কটূক্তি, কুষ্টিয়ায় স্কুলশিক্ষক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদের মুখে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। ক্লাস চলাকালীন সম্প্রতি জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন তিনি।

 এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ ও দীর্ঘকাল দেশের বাইরে অবস্থান করা নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। ক্লাসের এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে অসন্তোষের সৃষ্টি করে। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরদিন বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক ও বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে হেফাজতে নিয়ে থানায় যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, তিনি বিষয়টি মঙ্গলবার রাতেই জানতে পেরেছিলেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন শিক্ষক লালন সরাসরি কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণে কিছুটা জড়তা থাকতে পারে—এমন একটি কথা ক্লাসে বলেছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা এবং এর জেরে বিদ্যালয়ের শিক্ষাবাতাবরণ ও এলাকার পরিবেশ উত্তপ্ত করার প্রাথমিক সত্যতার ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে।

এমএইচ