স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী মিষ্টি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে আজ দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়।
রাজধানীর মিরপুরে গত বৃহস্পতিবার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
এ ক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করেনি বিএনপি। তবে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদ শূন্যের গেজেট প্রকাশের পর তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে কেবলমাত্র বিএনপি জোট প্রার্থী দিতে পারবে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
এএইচ
