সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এই ইতিবাচক তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এর আগে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৬ কোটি ডলার এবং দ্বিতীয় মাস আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। গত ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহে ১৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ, প্রবাসীদের জন্য সরকারের প্রণোদনা এবং ব্যাংকিং সেবা আরও সহজ করার কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্সের এই ধারা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের ডলারের সরবরাহ বাড়িয়ে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। যা তার আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি ছিল।
এমএইচ
