ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৬ ১৪৩৩

তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, শিডিউলে চরম বিপর্যয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

রাজধানীর তেজগাঁওয়ে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকায় প্রবেশ করা প্রতিটি ট্রেন গড়ে দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে চলাচল করছে। এতে বিমানবন্দর ও ঢাকাসহ বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রেনের জন্য যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। 

বিকেল ৫টা ১৩ মিনিটের ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস সন্ধ্যা ৭টাতেও বিমানবন্দর স্টেশনে পৌঁছায়নি। সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেসও নির্দিষ্ট সময়ে স্টেশনে আসেনি। কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ট্রেনটির দেখা মেলেনি।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই শিডিউল বিপর্যয়ের কারণ নিশ্চিত করে জানান, সকাল ৬টা ২০ মিনিটে তেজগাঁও এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের একটি বগির দুটি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টা ২০ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়।

সকাল থেকে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অনেক ট্রেন সময়মতো ঢাকায় প্রবেশ করতে পারেনি, যার ফলে পরবর্তী শিডিউলগুলো ওলটপালট হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং আজ রাতের মধ্যেই ট্রেনের শিডিউল সম্পূর্ণ ঠিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

এমএইচ