ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৭ ১৪৩৩

ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, ২ কর্মকর্তা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হওয়ার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন । একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ।

 প্রাথমিক তদন্তে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে নির্ধারিত সময়ে পানি পৌঁছাতে দেরি হয় । সেবার মান রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

 ঘটনা জানার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নিজস্ব সংরক্ষিত স্টক থেকে ওমরাহ যাত্রীদের দ্রুত জমজমের পানি বিতরণ করে । পরবর্তীতে মূল কন্টেইনারটি শনাক্ত করে বাকি যাত্রীদের মাঝেও পানি সরবরাহ নিশ্চিত করা হয় । 

এর আগে, এই ভোগান্তির শিকার ওমরাহ যাত্রীরা বিমানের মহাব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছিলেন, যাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যও ছিলেন ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এমএইচ