ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৭ ১৪৩৩

বিমানবন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাদের মারধরের অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে মামলাটি করেন।

এজাহার অনুযায়ী, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে গত বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াসহ মারধরের হুমকি দেন। এ সময় তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

এ ছাড়াও তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণ করেন। সরকারি কাজে বাধা দেওয়া, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

এমএইচ