ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৭ ১৪৩৩

আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার | আপডেট: ০৮:৫২ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান গতকাল ১ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সাধারণ যাত্রীদের মতোই নানা ধরনের চরম হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হয়রানি বন্ধের জোর দাবি জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

এমনকি পুলিশও জানিয়েছে যে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হবে। অথচ কোনো প্রকার সুষ্ঠু তদন্তের আগেই গতকাল রাতে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করে আজ সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হলো, যা অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানো এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তিসহ বিভিন্ন কারণে ভুক্তভোগী সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে আছে।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানসহ বহু যাত্রী বিমানবন্দরে যে ধরনের নজিরবিহীন ভোগান্তির শিকার হয়েছেন, তার একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারের প্রতি অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানানোর পাশাপাশি বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

এমএইচ