ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৭ ১৪৩৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

সরকারি কাজে বাধা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংকট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার সময় আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি প্রদান করেন এবং দায়িত্বরত এক নিরাপত্তা সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি ও বিমানবন্দরে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলা দায়েরের পর আজই মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।

এমএইচ