ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৮ ১৪৩৩

কুমিল্লায় কিশোরগ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

কুমিল্লায় কিশোরগ্যাংয়ের ‘রতন গ্রুপের’ প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি সে।

শনিবার (০৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। 

এর আগে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানের সময় রতনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শাহাদাত হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের নজরদারিতে ছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।

এএইচ