হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার
সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২০ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০২ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে আটজন মারা গেছে, তারা সবাই ঢাকা বিভাগের।
প্রতিবেদন বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৪৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
এএইচ
