ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৮ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় হৃদয় বর্মন নামে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে দিনাজপুরের বীরগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ভূল্লী থানা পুলিশ। 

ধর্ষণের শিকার অসুস্থ শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও শিশুটির পরিবারের অভিযোগ, গত বুধবার সকালে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বার পাড়া এলাকায় শিশুটিকে ছলচাতুরী করে বাড়ির পেছনে নির্জন স্থানে নিয়ে যায় হৃদয় বর্মন। সেখানে শিশুটিকে ধর্ষণ করে এবং এসময় শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম জানান, শিশুটির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। 

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ভূল্লী থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বীরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে হৃদয় বর্মনকে গ্রেপ্তার করে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা।

এএইচ