ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৯ ১৪৩৩

বিশ্ব প্রাণী দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার

আজ ৪ অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস। প্রাণীদের প্রতি মানুষের দায়িত্ব, তাদের অধিকার ও কল্যাণের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। 

মানুষের পাশাপাশি পৃথিবীতে বসবাসকারী প্রাণীদের নিরাপদ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

বিশ্ব প্রাণী দিবসের মাধ্যমে প্রাণীদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। গৃহপালিত প্রাণী থেকে শুরু করে বন্যপ্রাণী—সব প্রাণীরই নিরাপদ পরিবেশে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রাণীর প্রতি নির্যাতন, অবহেলা ও অমানবিক আচরণ বন্ধে জনসচেতনতা তৈরিতেও দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যশৃঙ্খল, পরাগায়ন, বীজ বিস্তার এবং বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রক্রিয়ায় প্রাণীরা সরাসরি অবদান রাখে। কোনো একটি প্রাণী প্রজাতির সংখ্যা কমে যাওয়া বা বিলুপ্তি পুরো বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নগরায়ন, বন উজাড়, আবাসস্থল ধ্বংস, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বহু প্রাণী হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে রাস্তায় থাকা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা এবং অবহেলাও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে প্রাণীদের প্রতি মানবিক আচরণ এবং তাদের আবাসস্থল সংরক্ষণে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ব প্রাণী দিবস তাই শুধু একটি দিবস উদযাপনের বিষয় নয়; বরং মানুষ ও প্রাণীর সহাবস্থান নিশ্চিত করার দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। প্রাণীদের সুরক্ষা ও কল্যাণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় দিনটি।

১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

১৯২৫ সালের ২৪ মার্চ জার্মান লেখক হেনরিক জিম্মারমেন বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথমবারের মতো বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে ৪ অক্টোবর দিবসটি পালন শুরু হয়। প্রাণীদের সুরক্ষা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে দিনটি ক্রমেই আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে।

এএইচ