ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২০ ১৪৩৩

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার

খুলনার দিঘলিয়ায় বাড়ির সামনে চা খেতে বেরিয়ে গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)। 

আজ রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসেন। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাটি বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এএইচ