ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২০ ১৪৩৩

একদিনে ডেঙ্গুতে ৬ প্রাণহানি, নতুন ভর্তি ২০৮৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার

সারা দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৬২ জনে পৌঁছাল। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিটি করপোরেশন এলাকার বাইরে খুলনা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে আরও একজনের প্রাণহানি ঘটেছে।

এদিকে, গত একদিনে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালগুলোতেই সবচেয়ে বেশি ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন এবং বরিশাল বিভাগে ২০৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। 

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। মোট ২৬২ জন মৃতের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ১২০ জন। 

এছাড়া ঢাকার বাইরে খুলনা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এমএইচ