ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬,   আশ্বিন ১৯ ১৪৩৩

গোবিন্দগঞ্জে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ও ব্যাংকিং ব্যবসায়ীর পথ রোধ করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস ব্যবহার করে এই অপরাধ সংঘটিত করে। তবে ঘটনার পরপরই ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে শামীম মিয়া (৩৪) নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

শনিবার (০৩ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেডি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক শামীম মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ শহরের বুজরুক বোয়ালিয়া থানাপাড়ার আজিজার রহমানের ছেলে আইয়ুব হোসেন দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং ও বিকাশ ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে জেডি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাসে আসা একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা ব্যবসায়ী আইয়ুবের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং চারদিক থেকে ঘেরাও করে ছিনতাইকারী চক্রের সদস্য শামীম মিয়াকে ধরে ফেলেন। তবে চক্রের বাকি সদস্যরা টাকা ও মাইক্রোবাস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী আইয়ুব হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আটক শামীম মিয়াসহ চারজনকে আসামি করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়া ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ