ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২০ ১৪৩৩

সার মজুতকারী সেই জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ১২:২২ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ৯শ’ কেজি ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্য পদ) বাতিল করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম। 

তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল হবার ফলে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদে দায়িত্ব পালন করতে পারবেন না। 

অন্যদিকে রুকনিয়াত পদ বাতিল হওয়ার কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি আর প্রার্থী থাকবেন কিনা? এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, এ বিষয়ে জেলা জামায়াতে আমীর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। 

জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী, রুকন বা পূর্ণাঙ্গ সদস্য সংগঠনের সর্বোচ্চ স্তরের সদস্যপদ। একজন কর্মী নির্ধারিত সাংগঠনিক ও নৈতিক শর্ত পূরণ করলে রুকনের এই সদস্যপদ লাভ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টায় কামারখন্দ উপজেলার ছোট ধোপাকান্দি এলাকায় গোপনে ইউরিয়া সার মজুদের জন্য নামানো হচ্ছিল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামের বাড়িতে। তখন স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। 

এরপর নির্বাহী ম্যাসিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ​তখন ওই বাড়িটি থেকে ৫০ কেজির ১৮ বস্তার ৯শ’ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। 

অনুমোদিত ডিলার ছাড়া ব্যক্তিগত বাড়িতে সার মজুত রাখার দায়ে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারায় জামায়াত নেতা মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

এএইচ