ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২০ ১৪৩৩

বিমানবন্দরে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্তরা কাজ জানে না: বিমানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

বিমানবন্দরে যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল। অনেকে দলীয়করণভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তির সমুখীন হতে হবে।

যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘ দিনের অবস্থার উন্নতি করার জন্য চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি করার জন্য সরকার বদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহেতু দীর্ঘ দিন এ প্রবণতাটা চলে আসছিল। আমাদের যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল। অনেকে দলীয়করণভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না।

লাগেজ কাটার অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন মনে হয় এটা হচ্ছে না। অতীতে দু-একটি ঘটনা যদি ঘটে থাকে সেগুলো এড্রেস করবো।

মন্ত্রী বলেন,আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতো। স্বর্ণ পাচারকারীরা অনায়াসে স্বর্ণ নিয়ে বের হয়ে যেত। এখন যারা স্বর্ণ পাচার করছে তাদের না ধরা দিয়ে উপায় নেই। আমরা এখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ধরছি এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে।

এমএইচ